পবিত্র রমজান মাসে সরকারি অফিস সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে এই নিয়ম ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত কার্যকর থাকবে।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গত ১৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।
নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে যাত্রা করবে। দিনভর যাত্রীদের চাপের ওপর ভিত্তি করে ট্রেনের মধ্যবর্তী সময় বা ‘হেডওয়ে’ ৫ থেকে ২০ মিনিট পর্যন্ত রাখা হয়েছে। বিশেষ করে অফিস যাওয়া ও আসার ব্যস্ত সময়ে সাড়ে ৫ থেকে ৬ মিনিট পরপর ট্রেন পাওয়া যাবে।
রমজানে ইফতারের সময় বিবেচনায় নিয়ে বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে কর্তৃপক্ষ। এখন থেকে ইফতারের জন্য প্রত্যেক যাত্রী স্টেশনে বা মেট্রোরেলের ভেতরে ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন মেঝেতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে এবং খালি বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। পানি ছাড়া অন্য কোনো ধরনের খাবার মেট্রোরেল বা স্টেশন এলাকায় গ্রহণ করা যাবে না।
ডিএমটিসিএল জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিন ও অন্যান্য সরকারি ছুটির দিনে ট্রেন চলাচলের সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে। কেবল কর্মদিবসেই এই নতুন নিয়ম ও সময়সূচি কার্যকর হবে।
বাংলাদেশ জার্নাল/জে















