নেত্রকোনার পূর্বধলায় গলা কেটে ভাবিকে হত্যার দায়ে চাচাতো দেবরের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছেন জেলা দায়রা জজ আদালত। একই রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- রাসেল মিয়া (২৮)। তিনি পূর্বধলা উপজেলার পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে।
নিহত ভাবি হলেন- একই গ্রামের পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবির ল্যান্স নায়েক মো. আজিজুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৩০)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে আসামি রাসেল মিয়ার উপস্থিতিতে জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় দেন বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম।
মামলার বিবরণে পিপি আবুল হাসেম জানান, লিপি আক্তারের স্বামী চাকরি করায় বাড়িতে থাকতেন না। এই সুযোগে লিপি আক্তারকে তার চাচাতো দেবর রাসেল মিয়া প্রেমসহ কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। এতে লিপি আক্তার সায় না দেওয়ায় রাসেল মিয়া ক্ষিপ্ত হন। এরই জেরে ২০২০ সালের ৩ অক্টোবর রাত আড়াইটার দিকে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় অ্যান্টিকাটার দিয়ে গলার শ্বাসনালি কেটে লিপি আক্তারকে হত্যা করেন রাসেল মিয়া। পরে থানায় লিপি আক্তারের বড় বোন ফেরদৌসী বেগম থানায় হত্যা মামলা দায়ের করেন।
পিপি আরও জানান, মামলায় ১৫ জনের সাক্ষ্য দেওয়ার পাশাপাশি আসামি রাসেল মিয়াও হত্যার দায়ে স্বীকারোক্তি দেন। সবকিছু বিবেচনায় বিচারক অভিযুক্ত রাসেল মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।










