কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪২০ গ্রাম ওজনের দুটি সোনার বারসহ জাহিদ মন্ডল (৩৬) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বুধবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের এলাকা থেকে বিজিবির একটি টহলদল তাকে আটক করে।
আটক জাহিদ মন্ডল রাজবাড়ীর বালিয়াকান্দী থানার দোপপাড়া পদমদী গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, জাহিদের কোমরে প্যান্টে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সোনার বার দুটি উদ্ধার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ বিজিবিকে জানিয়েছেন, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনার বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্তপথে ভারতে পাচারের উদ্দেশে যাচ্ছিলেন।
উদ্ধার সোনার মূল্য ৬১ লাখ ৭৯ হাজার ৪০ টাকা এবং মোবাইলের মূল্য ১৫ হাজার টাকা। সবমিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য প্রায় ৬১ লাখ ৯৪ হাজার ৪০ টাকা। আটক জাহিদের বিরুদ্ধে মামলা করে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সোনা, রূপা, মাদক, অস্ত্র, হুন্ডি ও অন্য চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা তৎপরতা আভিযানিক কার্যক্রম জোরদার করেছে।










