Swadhin News Logo
Thursday , 14 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

প্রতিবেদক
Nirob
August 14, 2025 4:33 pm

ফরিদপুর করেসপনডেন্ট:

ফরিদপুর-যশোর মহাসড়কের কানাইপুর নতুন ব্রীজের ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করে।

নিহতরা হলেন— চুয়াডাঙ্গা জেলার দামোদর থানার পীরপুর গ্রামের সহিরুদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ (৫৫)। বরগুনা জেলার বামনা থানার চালিতা বুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রঞ্জিত দাস (৫২) এবং নওগা জেলার বদলগাছি থানার বৈকন্ঠপুর গ্রামের আ. মজিদের স্ত্রী সুবর্না আক্তার(২৩)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দর্শনা ডিলাক্সের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এসময় এক নারী ও দুইজন পুরুষ নিহত হন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে এক জন নারী ও হাসপাতালে নেয়ার পর দুই জন পুরুষ নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও জানান, বাস দুইটি জব্দ করা হয়েছে। একটি বাসের চালককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে, অপর বাসের চালকের কোন খোজ এখনও পাইনি।

/এমএইচ

সর্বশেষ - চাকরি