
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এইচ-ওয়ান বি ভিসার আবেদন ফি ১ লাখ ডলারে বৃদ্ধি করেছেন। আদেশে বলা হয়েছে, নির্ধারিত ফি না দেয়া হলে আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হবে না। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর ভারত সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের জন্য এইচ-ওয়ান বি ভিসার আবেদনকারীদের ওপর নতুন করে ধার্য করা ১ লক্ষ ডলারের (প্রায় ৮.৮ মিলিয়ন ভারতীয় রুপি) ফি ‘মানবিক বিপর্যয়’ ডেকে আনতে পারে।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নির্দেশনা জারি করেন। আজ রোববার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন এই ফি কার্যকর হচ্ছে, যা পূর্বের তুলনায় ৬০ গুণ বেশি।
ভারতীয় নাগরিকরাই এইচ- ওয়ান বি ভিসার সবচেয়ে বড় অংশীদার—২০২৪ সালে ইস্যু হওয়া সব ভিসার মধ্যে ৭০ শতাংশেরও বেশি ভারতীয়দের দেয়া হয়েছে।
গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই সিদ্ধান্তে পারিবারিক জীবনে ব্যাপক বিঘ্ন ঘটবে, যার কারণে এটি মানবিক দিক থেকে গভীর উদ্বেগের বিষয়।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দক্ষ পেশাজীবীদের বিনিময় উভয় দেশের জন্যই গভীরভাবে লাভজনক। তাই নীতিনির্ধারকরা যেন এই সিদ্ধান্তগুলোতে পারস্পরিক স্বার্থ ও সম্পর্কের ভিত্তি বিবেচনায় নেন।’
ভারতের সরকার এ বিষয়ে কোনো সরাসরি প্রতিক্রিয়া বা পাল্টা পদক্ষেপের ঘোষণা না দিলেও, দেশটির বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে আলোচনার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
হোয়াইট হাউস দাবি করেছে, এইচ- ওয়ান বি ভিসা যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না। তাদের ভাষ্য মতে, ‘অনেক প্রতিষ্ঠান এই ভিসার অপব্যবহার করে মার্কিন কর্মীদের মজুরি কমিয়ে দিচ্ছে এবং আইটি খাতের চাকরি বিদেশে পাঠাচ্ছে।’
তবে হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় স্বার্থে কিছু আবেদন ‘কেস-বাই-কেস ভিত্তিতে’ ছাড় পেতে পারে। নতুন নিয়মটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থাকা নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। বর্তমান ভিসাধারী ও নবায়নের আবেদনকারীদের জন্য এটি প্রযোজ্য নয়।
এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল কেনাকে কেন্দ্র করে ট্যারিফ আরোপ এবং বাণিজ্য আলোচনা ঘিরে উত্তেজনা চলছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারতকে $৪১.৫ বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করেছে, এবং ভারতের কাছ থেকে $৮৭.৩ বিলিয়ন পণ্য আমদানি করেছে—যা প্রায় দ্বিগুণ।
সূত্র: বিবিসি নিউজ।
/এআই










