ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উল্টে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক জন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে ওই দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাইভেটকারটি মাওয়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অতিরিক্ত গতির কারণে ষোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কে উলটে যায়। এতে প্রাইভেটকারে থাকা দুই জন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুই জন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অপর আহতকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক এ এম জাহিদ হাসান জানান, নিহতরা হলেন- আরমান, রাইসা ও তানজিল। তবে নিহতদের বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। রবিন নামের একজন আহত হয়েছেন, তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।








