ফেরি-বোট সংঘর্ষে নিখোঁজ আকাশ নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে তার ভাসমান লাশ উদ্ধার হয়।
রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই শিমুল ঘোষ বলেন, ‘বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারায় একটি ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। থানা পরে আমাদের খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে একটি লাশ উদ্ধার করা হয়। যা আকাশের লাশ বলে শনাক্ত হয়।’
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে একটি যাত্রীবাহী বোট জেলখানা হয়ে সেনেরবাজার ঘাটের দিকে রওনা হয়। বৈরী আবহাওয়ার কারণে ফেরির সঙ্গে বোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলার থেকে তিন জন নদীতে পড়ে যান। তাদের মধ্যে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া এলাকার বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশের লাশ নদী থেকে উদ্ধার হলো।








