বগুড়ার ধুনটের চিকাশী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের পৌনে ছয় লক্ষাধিক টাকা আত্মসাতের ইউপির সাবেক সচিব নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক রোকনুজ্জামান দুর্নীতি প্রতিরোধ আইনে এ মামলা করেন। দুদকের এ কর্মকর্তা বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলা সূত্র জানায়, বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন পরিষদের সাবেক সচিব নজরুল ইসলাম পার্শ্ববর্তী শেরপুর উপজেলার বাগড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে পরিষদের টাকা আত্মসাতের অভিযোগে চিকাশী ইউনিয়নের চেয়ারম্যান গত ১৯ মার্চ ধুনট থানায় সাবেক সচিব নজরুল ইসলাম, সজিব ও এনামুল হকের বিরুদ্ধে জিডি করেন।
অভিযোগটি দুদকের আওতাধীন হওয়ায় এটি থানা থেকে দুদক কার্যালয়ে পাঠানো হয়। দুদক কর্মকর্তা তদন্ত করে অভিযোগের সত্যতা পান। আসামি ধুনটের চিকাশী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের পাঁচ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা সোনালী ব্যাংক ধুনট শাখা থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন।
এরপর দুদক প্রধান কার্যালয় থেকে শুধু সাবেক সচিব নজরুল ইসলামের বিরুদ্ধে মামলার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে বগুড়া কার্যালয়ের উপসহকারী পরিচালক রোকনুজ্জামান দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করেন।
বুধবার বিকালে রোকনুজ্জামান জানান, ধুনট থানায় সাবেক সচিবসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। কিন্তু দুদক প্রধান কার্যালয় থেকে শুধু একজনের বিরুদ্ধে মামলার নির্দেশ আসে। বাকি দুই জনের বিষয়ে প্রয়োজনে তদন্ত করা হবে।













