Swadhin News Logo
Thursday , 10 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গণহত্যার বিচার, নতুন সংবিধান ও বিচারব্যবস্থার মৌলিক সংস্কার চাই: নাহিদ ইসলাম

প্রতিবেদক
Nirob
July 10, 2025 11:14 pm

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা তরুণরা আপনাদের সামনে এসেছি নতুন করে বাংলাদেশ গড়ার কাজে। জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা, দেশটাকে আমরা নতুন করে গড়বো। আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থান আমাদের একটি ইনসাফ ও সমতাভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখায়। বৈষম্যহীন, ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে দেশটাকে আমরা গড়ে তুলবো। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই চাকরি পাবে, তাদের অধিকার প্রতিষ্ঠা লাভ করবে এবং চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। গণহত্যার বিচার, নতুন সংবিধান ও বিচারব্যবস্থার মৌলিক সংস্কার চাই আমরা। কিন্তু অভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি ও নানা ধরনের চক্রান্ত শুরু হয়েছে।’

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৬টায় জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে এনসিপির উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পুণ্যভূমি চিত্রাপাড়ের নড়াইলে যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা বিগত দিনে হয়নি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে আমরা অবহেলিত নড়াইলের উন্নয়ন করতে চাই। আমাদের আশা ছিল, গণ-অভ্যুথানের পর দলমত নির্বিশেষে নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে। দেশে আঞ্চলিক বৈষম্য রেখে কোনও কাজ করা যাবে না, উন্নয়নের ধারাবাহিকতায় উন্নয়ন করতে হবে। দেশকে পুনর্গঠনের ইচ্ছা থাকলেও গত এক বছরে সেটা সম্ভবপর হয়নি। আমরা আস্থা রাখতে পারেনি। এ কারণেই আমার রাস্তায় নেমেছি। আমরা কোনও লোভ করিনি। ৫৪ বছরের বাংলাদেশ দেখেছি, ১৬ বছরের ফ্যাসিস্ট দেখেছি। নতুন করে স্বৈরশাসনের আর যেন জন্ম না নেয় এ দেশে। আপনাদের সুযোগ এসেছে বৈষম্যহীন দেশ গড়ার। রাজপথ থেকে গড়ে ওঠা তরুণদের একটি দল এনসিপি। আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।’

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘ভোটের আগে টাকার কাছে ব্যক্তিত্ব বিক্রি করে নিজের, দেশ ও জাতির ক্ষতি করবেন না। আমরা যেন কোনও ব্যক্তির দাস না হয়ে যাই। স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা দেশের সব জেলায় যাবো, জনগণের মতামত শুনে একটি গণতান্ত্রিক ইশতেহার তৈরি করবো।’

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিগত দিনের নির্বাচন কমিশন দিনের ভোট রাতে সম্পন্ন করে গণতন্ত্রকে ধ্বংস করেছিল। নুরুল হুদার ভুয়া ভোটের পরিণাম দেখতে পেরেছি। ধিক্কার জানাই তাদের দ্বিচারিতাকে।’

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলটির জেলা কমিটির প্রধান সমন্বয়ক লে. কর্নেল (অব.) এম শাব্বির আহমেদ, যুগ্ম সমন্বয়ক মো: শরিফুল ইসলাম, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মাহমুদা সুলতানা রিমি প্রমুখ।

সর্বশেষ - চাকরি