খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত ১০টার দিকে মহানগরীর নিরালায় সিটি কলেজের হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে।
তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার লতিফ হাওলাদারের ছেলে। তিনি নিরালার ১৭নং রোডের ৩০৬নং বাড়ি রওশন ম্যানশনের বাসিন্দা।
স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা জাকির হোসেনকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জাকিরের মশার কয়েলের ডিলারশিপ ছিল। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, এ হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।













